ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালীসহ ১০টির মতো জেলায় লাখ লাখ মানুষ পানি বন্দি। ঠিকমতো খাবার পাচ্ছে না। সীমাহীন কষ্টে দিন কাটানো এসব বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন অভিনেতা চিকন আলী; যিনি বাংলা সিনেমার সুপরিচিত কমেডিয়ান।
চিকন আলী জানান, গত দুদিন নোয়াখালীর সোনাইমুড়ির সাড়ে ৫০০ মানুষের হাতে তিনি ত্রাণ তুলে দিয়েছেন তিনি। ফাণ্ড গঠন করে চিড়া, গুড়, চিপস, চাল, মুড়ি বিশুদ্ধ পানি নিয়ে নিজে গিয়ে বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। আগামীতে আবার যাওয়ার কথা জানান তিনি।
ঢাকায় ত্রাণ সামগ্রীর মূল্য বেশি হওয়ায় টাঙাইল থেকে অনেককিছু কিনেছেন চিকন আলী। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, কিছু মানুষের পাশে তো থাকতে পেরেছি এতেই শান্তি। তারা সেখানে আমাকে দেখে অনেক খুশিও হয়েছেন। কিন্তু বন্যার পানিতে তারা অনেক কষ্টে আছেন।
‘বুক পর্যন্ত পানিতে নেমে ত্রাণ দিয়েছি। এখন আমার শরীরের চুলকাচ্ছে। বন্যার পানি অনেক নোংরা। নিজের চোখে দেখেছি যেখান দিয়ে নৌকা যাচ্ছে সেখানেই মলমূত্র ভেসে যাচ্ছে। কিছু করার নাই। এসবের মধ্য থেকে মানুষ কোনোভাবে বেঁচে রয়েছে। একটা বড় অভিজ্ঞতা হচ্ছে, ওই এলাকায় মানুষের টাকার অভাব নাই। আমাদের চেয়েও অনেক টাকার মালিক তারা। কিন্তু ধনী হয়ে লাভ নাই। সব পানিতে তলিয়ে গেছে।’
চিকন আলী বলেন, সেখানকার প্রতিটি মানুষের ত্রাণ দরকার। অধিকাংশরাই মেইন শহরে ত্রাণ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমি স্থানীয় কিছু ইয়াংদের সাহায্য নিয়ে একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত গিয়েছি। দেখেছি নারী, শিশু এবং বয়স্করা অসহায় হয়ে কাতরাচ্ছেন। এসব দেখে আমার মধ্যে একটা ট্রমা কাজ করছে। আসলে ঢাকায় বসে আমরা ফেসবুক বা নিউজে যা দেখেছি বাস্তবে আরও সেখানে আরও ভয়ঙ্কর অবস্থা।








