রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা রোম সফর শেষে দেশে ফিরেছেন, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইতালির রোমে দুই দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ (১৫ অক্টোবর) বুধবার ভোরে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরাম-এ অংশ নিতে গত রোববার (১২ অক্টোবর) রোমে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।
সফরের প্রধান কর্মসূচি ছিল সোমবারের ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অধিবেশন, যেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড. ইউনূস। তিনি বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা পায়।
রোম সফরকালে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের কৃষি প্রযুক্তি উন্নয়ন, সামাজিক ব্যবসা সম্প্রসারণ এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সরকারি সূত্র জানায়, সফরটি বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে এবং নতুন সহযোগিতার সম্ভাবনা উন্মোচন করেছে।






