বাংলাদেশ

পর্যাপ্ত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলাদেশ পুলিশ অফিসার মুখে মাস্ক পরে, রাস্তায় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকি ছবি: এআই স্কেচ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পর্যাপ্ত সংখ্যক বডি-ওর্ন ক্যামেরা দ্রুত কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে হবে। ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে, যাতে তারা অনুভব করেন– নির্বাচনের জন্য একটি অনুকূল ও নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে।’

তিনি আরও নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যেই বডি-ওর্ন ক্যামেরা কেনার প্রক্রিয়া ও প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে হবে, যাতে নির্বাচনকালীন সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করা যায়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের সক্ষমতা বাড়াতে হবে। এমন কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে পরিস্থিতি অবনতির সুযোগ কেউ না পায়।’

বৈঠকে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে বর্তমানে যে পরিমাণ বডি-ওর্ন ক্যামেরা আছে, সেগুলো ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ক্যামেরাগুলো এসে পৌঁছালে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি জানান, বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের পরিস্থিতি শুধু কেন্দ্রীয়ভাবে নয়, প্রতিটি থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বিষয়:প্রধান উপদেষ্টা বডি ওর্ন ক্যামেরা মুহাম্মদ ইউনূস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…