বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ ১০ মে শনিবার সকালে এক শোকবার্তায় তিনি বলেন, একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সংগীত জগতে যে অসামান্য অবদান রেখে গেছেন, তা জাতির সাংস্কৃতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রধান উপদেষ্টা বলেন, উপমহাদেশের খ্যাতনামা সংগীত পরিবারে জন্ম নেওয়া এই বহুমাত্রিক প্রতিভার অধিকারী শিল্পীর গান, গবেষণা ও লেখালেখি বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক যুগিয়ে যাবে।
তিনি মুস্তাফা জামান আব্বাসীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শনিবার সকালে ঢাকার বনানীর একটি হাসপাতালে ৮৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং সর্বশেষ শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।








