সংস্কার দৃষ্টান্তমূলক না হলে, একইসাথে নির্বাচনও যদি সুষ্ঠু না হয়, তাহলে প্রধান উপদেষ্টাকে ক্ষমতা থেকে সরে যাবার পরামর্শ দিয়েছেন এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু।
আজ বুধবার ২৩ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে একথা বলেন।
সরকারের সমালোচনা করে মঞ্জু বলেন, শেখ হাসিনার পতনের পর আমরা দুইভাবে ভাগ হয়ে গিয়েছি। এই বিভেদের পেছনে সরকারের দায় রয়েছে। শুধু ঝামেলা হলেই প্রধান উপদেষ্টা ডাক দেন। অনেক অনিয়মের কথা আমাদের কাছে আসে। আমরা তাকে অনুরোধ করেছি। সংস্কার আর নির্বাচন ঠিকমতো হবে কিনা এ নিয়ে সংশয় আছে।
মজিবুর রহমান মঞ্জু আরো বলেন, কোনো কোনো রাজনৈতিক দল সরকারের অনেক সুবিধা পাচ্ছে। এই সরকারকে দুর্বল বলে মনে হচ্ছে। সরকার কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারছে না। যখন শুধুমাত্র কোনো সরকারি ভবন ঘেরাও হয়, তখন ব্যতীত সরকার অন্য সময় কোনো ব্যবস্থা নেন না। উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ের কোনো ব্রিফিং করেনা, সব ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ছাত্র আন্দোলনের যারা প্রধান নেতৃত্বে ছিলেন, তাদের জনপ্রিয়তা কমেছে বলেও জানান এই নেতা।










