প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তানভীরও সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান।
ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তাকে শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে অভিযান চালিয়ে তানভীরকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে ফুটপাত পরিদর্শনে গেলে এক ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





