ক্যারিয়ারের দীর্ঘ পথে একের পর এক রেকর্ডের পাতায় নাম তুলে রেখেছেন সাকিব আল হাসান। টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার চট্টগ্রামে গড়লেন আরও একটি রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বাধিক ফিফটির মালিক এখন সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিফটি তুলেছেন সাকিব। নিজের জার্সি নম্বরের মতোই ৭৫ রান করে আউট হন দলের দরকারি সময়ে লড়ে। ৭১ বলের ইনিংসে বাঁহাতি তারকা চার মারেন সাতটি।
তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের মোট ফিফটি এখন ৯৪টি। সিরিজ শুরুর আগে ৯৩ ফিফটি নিয়ে রেকর্ডটি ধরে রেখেছিলেন তামিম ইকবাল। ইংলিশদের বিপক্ষে টানা দুই ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে সাকিব টপকে গেলেন ওয়ানডে অধিনায়ককে।
ওয়ানডেতে ৫২টি, টেস্টে ৩০টি ও টি-টুয়েন্টিতে ১২টি ফিফটি করেছেন টাইগার অলরাউন্ডার।
অন্যদিকে, তামিমের ওয়ানডেতে ৫৫টি ফিফটি আছে। ৫০ ওভারের ক্রিকেটে তিনি টাইগারদের সবচেয়ে বেশি অর্ধশতক হাঁকানো ব্যাটার। টেস্টে বাঁহাতি ওপেনারের ৩১টি ও টি-টুয়েন্টিতে ৭টি ফিফটি আছে।







