বিনোদন

মার্কিন গায়ক চার্লি পুথের ঢাকায় আসার খবরটি সত্যি নয়

শত শত সংগীতপ্রেমী মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন জালিয়াতি নিয়ে সরব হয়েছেন

বিখ্যাত গায়ক চার্লি পুথের ঢাকায় আসার খবরের গুজব. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ক চার্লি পুথের একটি পারফরম্যান্সের ছবি, যেখানে তিনি মঞ্চে দাঁড়িয়ে আছেন ও তার হাতে একটি কীবোর্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা মাতাতে আসছেন ‘অ্যাটেনশন’ খ্যাত মার্কিন জনপ্রিয় শিল্পী চার্লি পুথ- এমন খবর চাউর হলেও জানা যায়, খবরটি পুরোপুরি মিথ্যে।

চার্লি পুথের ঢাকায় আসার খবরটি প্রথমে জানায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিলভার লাইন ইভেন্টস! দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতেও তাদের বরাতে সংবাদ প্রকাশ করা হয়।

কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, চার্লি পুথের সংবাদ প্রকাশের মাধ্যমে ইভেন্ট প্রতিষ্ঠানটি ভুয়া খবর জানিয়ে অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করছিলো। মূলত এটি একটি জালিয়াতি সংস্থা।

চার্লি পুথের ব্র্যান্ড ম্যানেজার ব্রেন্ট স্মিথের সঙ্গে যোগাযোগ করলে দেশের শীর্ষ গণমাধ্যম ডেইলি স্টারকে ইমেইলে তিনি জানান, চার্লি পুথের ঢাকায় আসার খবরটি সঠিক নয়। এই ধরনের খবর কেন এলো তা তারা জানেন না।

পরবর্তীতে যে পেজ থেকে চার্লি পুথের ঢাকায় আসার খবর প্রকাশ করা হয়, সেই সিলভারলাইন ইভেন্টসের ফেসবুক পেজও সরিয়ে ফেলা হয়। আয়োজকদেরও ফোনে পাওয়া যায়নি।

চার্লি পুথ একইসঙ্গে গায়ক, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। ‘সি ইউ এগেইন’ নামের মৌলিক গানটি দিয়ে ২০১৫ সালে তুমুল আলোচনায় আসেন তিনি। গানটির গীতিকারও ছিলেন পুথ নিজেই। গানটির তুমুল জনপ্রিয়তার কারণ, এটি ছিলো দর্শকপ্রিয় সিনেমা ‘ফিউরিয়াস সেভেন’ এর সাউন্ডট্রাক! এই ছবির অন্যতম অভিনেতা পল ওয়াকার দুর্ঘটনায় অকালপ্রয়াত হওয়ার পর তাকে উৎসর্গ করে গানটি তৈরী।

পরের বছর ‘নাইন ট্রেক মাইন্ড’ প্রকাশের পর টপচার্ট বিলবোর্ডে জায়গা করে নেন এই তারকা শিল্পী। সহ-শিল্পী সেলেনা গোমেজের সঙ্গে ‘উই ডোন্ট টক এনিমোর’ গানটি বিশ্বব্যাপী শ্রোতাদর্শকের আরো কাছে পৌঁছে দেয় ১৯৯১ সালে জন্ম নেয়া চার্লি পুথকে। তার তুমুল জনপ্রিয়তা পাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য অ্যাটেনশন, ওয়ান কল অ্যাওয়ে, হাউ লং এবং ডান ফর মি।

এমন গুণী শিল্পীর ঢাকায় আসার খবরে স্বভাবতই সাড়া পরে সংগীতপ্রেমীদের মধ্যে। তবে ইভেন্ট প্রতিষ্ঠানের এমন জালিয়াতির কারণে হতাশা প্রকাশ করেন তারা। শত শত সংগীতপ্রেমী মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন জালিয়াতি নিয়ে সরব হয়েছেন। প্রতিবাদ জানিয়েছেন।

তারা মনে করছেন, দেশে সংগীতপ্রেমী মানুষদের টার্গেট করে প্রতি বছরেই কনসার্টের আয়োজন করে পেশাদার ইভেন্ট কোম্পানিগুলো। যেখানে দেশী শিল্পীদের পাশাপাশি ভিনদেশি শিল্পীরাও কনসার্ট মাতাতে আসেন। জালিয়াতি সংস্থা সিলভার লাইন ইভেন্টস এর এমন কাণ্ডে সামনে প্রতারিত হওয়ার আশঙ্কাও বোধ করছেন কেউ কেউ।

বিষয়:কনসার্ট গান চার্লি পুথ ফাস্ট এন্ড ফিউরিয়াস মার্কিন শিল্পী সেলেনা গোমেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…