চাঁদে অবতরণের পর থেকে নতুন নতুন তথ্যের সন্ধান দিচ্ছে ভারতের চন্দ্রযান-৩। তারই ধারাবাহিকতায় এবার চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার সম্প্রতি চাঁদের প্রাকৃতিক কম্পন বা ভূমিকম্পের গতিবিধি রেকর্ড করেছে।
গতকাল (৩১ আগস্ট) বৃহস্পতিবার নিজেদের অফিশিয়াল এক্স (টুইটার) পোস্টে এমন তথ্য শেয়ার করেছে ভারতীয় মহাকাশ অনুসন্ধান সংগঠন (ইসরো)। এতে বলা হয়, বিক্রম ল্যান্ডারের ওপর একটি ডিভাইস আছে যা ভূমিকম্পের গতিবিধি রেকর্ড করতে সক্ষম। ডিভাইসটি চাঁদের মাটিতে সিসমিক অ্যাকটিভিটি বা কম্পনের গতিবিধি রেকর্ড করতে সফল হয়েছে।

ইসরো জানিয়েছে, চাঁদের সিসমিক অ্যাকটিভিটি জানার জন্য পাঠানো প্রথম মাইক্রো ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেম বেসড উপকরণ ‘ইন্সট্রুমেন্ট ফর দ্য লুনার সেসমিক অ্যাক্টিভিটি’ (আইএলএসএ) চাঁদের মাটিতে রোভার এবং অন্য পেলোডের কম্পন রেকর্ড করেছে।

২৬ আগস্ট এই ঘটনা রেকর্ড করে বিক্রম। বিষয়টি পরে প্রকাশ করে ইসরো। তারা জানায়, আইএলএসএ-এর উদ্দেশ্য হচ্ছে চাঁদের মাটিতে ভূমিকম্প তার প্রভাব এবং কৃত্রিম ঘটনার কারণে ভূমিপৃষ্ঠে সৃষ্ট কম্পন পরিমাপ করা।







