এবার নতুন চমকে চ্যানেল আইয়ে ‘চাঁদের হাট ২’
ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘চাঁদের হাট ২’

চ্যানেল আই অনলাইন এর জন্য চাঁদের হাট ২ সিনেমার পোস্টার, যেখানে যুবক ও গরু দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া নাটক চাঁদের হাট দর্শকদের হৃদয় জয় করে নিয়েছিলো অনায়াসে। ইউটিউবে প্রায় দুই কোটি ভিউ আর কয়েক দিন ধরে ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকার মধ্য দিয়ে নাটকটি হয়ে উঠেছিলো এক ঈদস্মরণীয় অভিজ্ঞতা।
সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসন্ন ঈদুল আজহায় আসছে সিক্যুয়েল ‘চাঁদের হাট ২’। ইউটিউবে মুক্তির আগে দর্শক ঈদুল আযহার দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে দেখতে পারবেন।
নতুন কিস্তিতে চাঁদ চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। তার বিপরীতে পূর্ণিমা চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। টেলিছবির মূল চরিত্রগুলোতে আরও থাকছেন মনিরা আক্তার মিঠু, ডা. এজাজুল ইসলাম, এমএনইউ রাজু, এবি রোকনসহ আরও অনেকে।
প্রথম পর্বের মতো এবারও রচনা ও পরিচালনায় আছেন কে এম সোহাগ রানা। সিক্যুয়েল নিয়ে তিনি বলেন, “এই গল্পে গরুর হাটের পটভূমিকে ঘিরে তৈরি হয়েছে কমেডি, প্রেম আর মানবিকতার একটি দারুণ মিশ্রণ। দর্শক যেমন হাসবেন, তেমনই কিছু মেসেজও পাবেন।”
টেলিছবির প্রযোজনায় আছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।






