পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে বসতে চলেছে ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের ক্রিকিট যুদ্ধ শুরু হয়ে গেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি চলছে। ভক্ত-সমর্থকদের উন্মাদনা-আগ্রহ তুঙ্গে। এক ঘণ্টাতেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। কিছু টিকিটের দাম ছাড়িয়েছে লাখ টাকাও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই স্টেডিয়ামে গড়াবে টুর্নামেন্টের আলোচিত হাইভোল্টেজ ম্যাচটি। ম্যাচের টিকিট ছাড়ার মাত্র এক ঘণ্টার মধ্যে লুফে নিয়েছে সমর্থকরা। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অনলাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। তাদের বেশিরভাগই টিকিট পাননি।
লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি অনেকে। দীর্ঘসময় অপেক্ষার পরও হতাশ হতে হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, প্রায় এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকে। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের প্রায় সব বিভাগের টিকিট বিক্রি যায় দ্রুত। সাধারণ টিকিটের সঙ্গে ২ হাজার দিরহাম মূল্যের প্লাটিনাম ও ৫ হাজার দিরহাম মূল্যের গ্র্যান্ড লাউঞ্জের টিকিটও সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায়। যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজার ও ১ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার।
এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও ভারত টুর্নামেন্টে তাদের কোনো ম্যাচই পাকিস্তানের মাটিতে খেলবে না। রোহিত শর্মার দল নিজেদের ম্যাচ খেলবে দুবাইয়ে।
ভারত ও পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৮ দলের টুর্নামেন্টের বি-গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।







