চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠে জয় ছিনিয়ে এনেছিল রিয়াল মাদ্রিদ। তবে প্লে-অফের ফিরতি লেগে এবার রিয়ালের মাঠে নামবে পেপ গার্দিওলার দল। হাই-ভোল্টেজ ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, সিটি কোচ গার্দিওলা নিজেদের ‘আন্ডারডগ’ ভাবলেও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল নিজেদের ফেভারিট মনে করে না।
সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে রিয়ালের মুখোমুখি হবে ম্যানসিটি। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই। আগের ম্যাচে ৩-২ ব্যবধানে হেরেছিল সিটি।
ইতিহাদে ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থেকেও শেষের ১০ মিনিটে দুই গোল করে ৩-২ ব্যবধানের জয় পেয়েছিল রিয়াল। ফিরতি লেগ রিয়ালের মাঠে হওয়ায় গার্দিওলা বলেছিলেন, এই ম্যাচে সিটির জয়ের সম্ভাবনা ১ শতাংশ। রেকর্ডও সিটিজেনদের পক্ষে কথা বলছে না। এই মাঠে ৭ ম্যাচে কেবল একটিতে জয়ের দেখা পেয়েছিল তারা।
আনচেলত্তি অবশ্য পরিসংখ্যান কিংবা গার্দিওলার কথা কোনটাকেই সেভাবে পাত্তা দিচ্ছেন না। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে লস ব্লাঙ্কোসদের ইতালিয়ান কোচ বলেছেন, ‘সত্যি বলতে পেপ যা বলেছে সেটা হয়তো সে নিজেও বিশ্বাস করে না। আমি তাকে ম্যাচের আগে এটা জিজ্ঞাসাও করব। আমি মনে করি না রিয়ালের ম্যাচ জয়ের সম্ভাবনা ৯৯ শতাংশ। ইতিহাদে আমরা যা করেছি সেটায় কিছুটা এগিয়ে আছি। এটাই আমাদের কাজে লাগাতে হবে।’
‘সুবিধাজনক অবস্থায় থেকে খেলতে নামার ব্যাপারটা আমি বিশ্বাস করি না। আমাদের গত সপ্তাহের মতোই খেলতে হবে। আমরা এগিয়ে আছি এটা হয়তো ভুলে যেতে পারব না। তাও আমরা এমনভাবেই খেলব যেন আগের রাউন্ড ড্র হয়েছিল।’







