আবু সাঈদ হত্যা: আইজিপিসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

বিক্ষোভকারীরা রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন, আশেপাশে পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
রংপুরে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় এবার সাবেক আইজিপিসহ ৭ পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামী উল্লেখ করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে এ আবেদন করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। শুনানি শেষে আদালতের বিচারক রাজু আহমেদ তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
আইনজীবী রায়হানুজ্জামান বলেন, আমরা ১৭ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করলে আদালত শুনানি শেষে তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
গত ১৯ জুলাই নগরীর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনায় তার বাবা আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাদের আসামী করে কোতয়ালী মেট্রো থানার কগনিজেন্স আদালতে মামলা দায়ের করেন।
একই স্থানে পুলিশের গুলিতে ব্যবসায়ী মেরাজুল ইসলামের নিহতের ঘটনায় তার মা ছাফিয়া খাতুন বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালতে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও আইনজীবীরা।







