হাটহাজারীতে প্রশিক্ষণে আহত ক্যাপ্টেন মহিউদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

ছবি: আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন।
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে নিয়মিত সামরিক প্রশিক্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন মির্জাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে একটি বিশেষ মেডিকেল ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে একটি ট্যাংকের গোলাবর্ষণের সময় এই আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য নিহত হন এবং ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
নিহত দুই সেনাসদস্য হলেন—রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবু বকর সিদ্দিক পিয়াস।






