ভারতের বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে দলীয় উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন বিরাট কোহলি। ফাইনালের সেরা খেলোয়াড়ের শেয়ার করা ছবিটি টি-টুয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ইতিহাসেরই স্মরণীয় মুহূর্তগুলোর একটি। কোহলির সেই পোস্ট এশিয়া মহাদেশের এক রেকর্ড ভেঙেছে।
দলের সাথে কোহলির ট্রফিসঙ্গী উদযাপনের পোস্টটি ২১ মিলিয়নেরও বেশি লাইক পেয়েছে। ইনস্টাগ্রামে ভারত তো বটেই, এশিয়ার ভেতরেও সবচেয়ে বেশি লাইক রিয়্যাক্ট পাওয়া ছবি হয়ে উঠেছে সেটি।
এর আগে বিখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস গায়ক কিম তাইহিউংয়ের একটি পোস্ট ২০ মিলিয়ন লাইকের রেকর্ড গড়েছিল। সেটিকে ছাড়িয়ে ইনস্টাগ্রাম পোস্টে ২১ মিলিয়ন লাইক পাওয়া প্রথম এশিয়ান হয়ে গেছেন কোহলি।
বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের ছবিটি ছিল ভারতের সর্বাধিক লাইক পাওয়া ইনস্টাগ্রাম পোস্ট। ১৬ মিলিয়ন লাইক পাওয়া সেই ছবিকে অনেক পেছনে ফেলেছে বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কের পোস্ট।

আলোচিত ইনস্টাগ্রাম পোস্টে কোহলি লিখেছিলেন, ‘এরচেয়ে ভালো দিন স্বপ্নেও ভাবতে পারিনি। ঈশ্বর মহান এবং আমি কৃতজ্ঞতায় মাথা নত করি। আমরা অবশেষে এটা করতে পেরেছি। জয় হিন্দ।’








