বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হচ্ছে ডিসেম্বরে। ৩০ নভেম্বর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে হবে খেলোয়াড় নিলাম। ২৫০ জন বিদেশি ক্রিকেটারের নাম থাকবে। পাশপাশি বাছাইকৃত দেশি খেলোয়াড়দের নাম উঠবে কেনার তালিকায়। তার আগে নিলামে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিমূল্য জানাল টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
নিলামে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য সবচেয়ে বেশি। বাংলাদেশি মুদ্রায় যা ৫০ লাখ টাকা। এই ক্যাটাগরি থেকে দলগুলো সর্বোচ্চ একজন করে খেলোয়াড়কে নিতে পারবে। নিলামে প্রতি বিডে ‘এ’র খেলোয়াড়ের দাম ৫ লাখ করে বাড়বে।
‘বি’ ক্যাটাগরি থেকে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা। প্রতি বিডে খেলোয়াড়দের দাম ৩ লাখ টাকা করে বাড়বে।
‘সি’ ক্যাটাগরি থেকেও সর্বোচ্চ তিনজন খেলোয়াড় নিতে পারবে দলগুলো। ভিত্তিমূল্য ২২ লাখ টাকা। প্রতি বিডে বাড়বে ১ লাখ টাকা করে। ‘ডি’ ক্যাটাগরি থেকে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ভিত্তিমূল্য ১৮ লাখ টাকা। প্রতি বিডে দাম ৫০ হাজার টাকা করে বাড়বে।
‘ই’ ক্যাটাগরি থেকে সর্বোচ্চ দুজন ক্রিকেটার নিতে পারবে দলগুলো। ভিত্তিমূল্য ১৪ লাখ টাকা। প্রতি বিডে ৫০ হাজার টাকা করে বাড়বে। ‘এফ’ ক্যাটাগরি থেকে ইচ্ছেমতো সংখ্যক খেলোয়াড় নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ভিত্তিমূল্য ১১ লাখ টাকা। প্রতি বিডে ৫০ হাজার টাকা করে বাড়বে দর।
বিপিএলে অংশ নেবে ছয় ফ্র্যাঞ্চাইজি- রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। মাঠের লড়াই শুরুর আগে ১৭ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হবে মিরপুরে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১২তম আসর। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের পর্দা নামবে ১৬ জানুয়ারি। এ মৌসুমে নতুন ডিজাইনের ট্রফির দেখা মিলবে।








