দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে আগামী বছরের জানুয়ারিতে। যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সূচিতে আসতে যাচ্ছে পরিবর্তন। নির্বাচন সম্পন্নের পরই মাঠে গড়াবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি আসরটি।
গত বছর বিপিএলের তিন আসরের সূচি চূড়ান্ত করে বিসিবি। সে অনুযায়ী ২০২৪ সালের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী ৬ জানুয়ারি। কিন্তু তা কিছুটা পিছিয়ে যাওয়ার আভাস দিলেন বিপিএল গভর্ণিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
শনিবার মিরপুরে অনানুষ্ঠানিক সভা শেষে গণমাধ্যমকে বিসিবির এই পরিচালক বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যেহেতু ঘোষণা করা হয়নি, যে কারণে বিপিএল শুরুর সম্ভাব্য তারিখটা কী হতে পারে সেটি নিয়ে আমাদের বোর্ড মিটিংয়েই আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় নির্বাচনের পর পরই যেন আমরা বিপিএলটা শুরু করতে পারি।’
‘সেক্ষেত্রে জাতীয় নির্বাচন সম্ভবত জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে, এটা শোনা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে। সেক্ষেত্রে আমরা হয়ত দশ তারিখ শুরু করবো। যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যেই আমাদের শেষ করতে হবে, কেননা এরপরই বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার্স ড্রাফট চেষ্টা করবো সেপ্টেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের মধ্যে শেষ করে ফেলতে।’








