বক্স অফিসে সুনামি বইয়ে দিলো অজয়ের যে সিনেমা!

মুক্তি পেয়েই বক্স অফিসে সুনামি বইয়ে দিলো অজয় দেবগন অভিনীত থ্রিলার ফ্র্যাঞ্চাইজির শেষ পর্ব ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। সমালোচক থেকে সাধারণ দর্শক সর্বত্র ইতিবাচক প্রতিক্রিয়ার জোয়ারে ভেসে প্রথম দিনেই নিজের ক্যারিয়ারের সর্বকালের সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছেন অজয় দেবগন।
মুক্তির প্রথম দিনে আন্তর্জাতিক বাজারে অল্পের জন্য শতকোটির ক্লাব স্পর্শ করতে ব্যর্থ হলেও, বিশ্বজুড়ে ছবিটির প্রথম দিনের আয় গিয়ে পৌঁছেছে এক বিশাল অঙ্কে। মুক্তির প্রথম দিনে বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি।
ভারতের বাজারে অগ্রিম বুকিং খোলার পর থেকেই ‘দৃশ্যম ৩’ নিয়ে বিপুল উন্মাদনা দেখা যায়, যেখানে অ্যাডভান্স বুকিংই ৫০ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছিল। এছাড়াও ভারতে মুক্তির প্রথম দিনে এই ছবির আয়ের পরিমাণ ৬৪ কোটি রুপি।
হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনের আয়ের নিরিখে এটি তৃতীয় সর্বোচ্চ ওপেনিং, যা কেবল ‘ধুরন্ধর ২’ এবং ‘জওয়ান’-এর পেছনে রয়েছে। এর মাধ্যমে ‘সিংহাম এগেইন’-এর (৪৩.৭০ কোটি) রেকর্ড ভেঙে এটি অজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনারে পরিণত হলো।
ভারতের বাইরে আন্তর্জাতিক বাজারেও অজয় দেবগনের অন্য যেকোনো সিনেমার তুলনায় ‘দৃশ্যম ৩’ দুর্দান্ত পারফর্ম করেছে। প্রথম দিনে ওভারসিজ মার্কেট থেকে ১৫ লাখ মার্কিন ডলারের বেশি আয় তুলে নিয়েছে ছবিটি।
অভিষেক পাঠক রচিত ও পরিচালিত এই থ্রিলার ছবিতে ‘বিজয় সালগাঁওকর’ চরিত্রে পুনরায় ফিরেছেন অজয় দেবগন। সাথে রয়েছেন তাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, ইশিতা দত্ত ও কমলেশ সশবন্ত। এছাড়া নতুন সংযোজন হিসেবে দেখা গেছে জয়দীপ অহলাওয়াত, প্রকাশ রাজ এবং সৌরভ শুক্লাকে।






