বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সহিংসতা নয় বরং সহনশীলতার মাধ্যমে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন আনতে চায় বিএনপি।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় আগামী রাষ্ট্র ভাবনা এবং স্বাস্থ্য ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
চিকিৎসকদের উদ্দেশে আমীর খসরু বলেন, নির্বাচনের আগে স্বাস্থ্যসেবা নিয়ে বিএনপির ভাবনা জনগণের কাছে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, আমাদের রাজনীতিতে অন্য পক্ষের সাথে দ্বিমত পোষণ করেও তার মতামতকে সম্মান দেখাতে হবে। এটাই বাস্তবতা। এতে কোনো সমস্যা নেই।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশীদের সভাপতিত্বে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারসহ অন্যরা উপস্থিত ছিলেন।








