প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণে ‘যুদ্ধ চাই না’ বলে বক্তব্য দিলেও তার সেকথা মানায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন: এই দেশে গণতন্ত্র হরণকারী সরকার গণতন্ত্রের কথা বলছে। প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে যুদ্ধ চাই না বলেছেন অথচ তিনি দেশে বসে মানুষদের গুম-খুন করাচ্ছেন। যা তার মুখে মানায় না।
শনিবার স্বাধীনতার সূর্বণজয়ন্তী উপলক্ষে সারাদেশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিবের অভিযোগ: মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বর্তমান সরকার মিথ্যাচার করছে। জিয়াউর রহমান ছাড়াও প্রবাসে থেকে যারা যুদ্ধ করেছেন এমনকি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর নামও মুছে ফেলার চেষ্টা করেছে।
তিনি বলছেন: এই সরকারের নানা অপকর্ম, দুর্নীত এবং জনগণের সমস্যা তুলে ধরে বিএনপি গত দেড় মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। সেই আন্দোলনে এরই মধ্যে দলীয় চার জন তরুণ কর্মীর মৃত্যু হয়েছে।
মির্জা ফখরুলের দাবি: চলমান আন্দোলন বিএনপির জন্য নয় এদেশের সমগ্র জনগণের জন্য। বর্তমান সরকার ইতিহাসের মিথ্যাচার করছে কিন্তু জাতিকে সত্য ইতিহাস জানাতে বিএনপি কাজ করছে।
বিএনপি মহাসচিব বলেন: বর্তমান সরকার বিএনপির ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। গত একমাসেই বিশ হাজারের বেশি মানুষকে মিথ্যা মামলায় জড়িয়েছে পুলিশ।
আজকের নতুন প্রজন্ম জিয়াউর রহমান এবং তার ভূমিকা এবং স্বাধীনতা সম্পর্কে জানতে পারবে বলে আশা করেন মির্জা ফখরুল।







