প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটা সন্ত্রাসী দল, মানুষ খুন করার দল। তারা আন্দোলন করতে চায়, করুক। তাতে কোন সমস্যা নেই, কিন্তু অগ্নিসন্ত্রাস যাতে না করে।
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার ১৯ অক্টোবর তেজগাঁওয়ের সড়ক ভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালি সেতু ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ দেশব্যাপী নবনির্মিত ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, ডিটিসিএ ভবন, বিআরটিএ’র স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, বিআরটিসি’র ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের জীবনে যেন অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা না ঘটে। আন্দোলন করুক আপত্তি নেই কিন্তু অগ্নিসন্ত্রাসের মতো মানুষের যেন ক্ষতি না করে সে জন্য সতর্ক থাকবেন। স্বাধীনতা বিরোধীরা যখন ক্ষমতায় থাকে তখন দেশের উন্নতি হয় না। এদের কথা ও কাজ সবই ধ্বংসাত্মক। এদের থেকে সচেতন থাকতে হবে।
দুর্ঘটনা রোধে চালকদের সতর্ক থাকার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা বাস-ট্রাক-গাড়ি চালায় তাদের রাস্তায় প্রতিযোগিতা বন্ধ করতে হবে। তাদের মনোস্তাত্বিক পরিবর্তন প্রয়োজন। এ জন্য চালকদের ট্রেইনিং এর ব্যবস্থা করতে হবে।
ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিয়ে তিনি বলেন, আমরা গাজার হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানাই। এই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা যতটুকু পারি তাদের সাহায্য করব। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবো, অস্ত্রের টাকা ভালো কাজে ব্যয় করতে। তিনি জানান, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে আগামী শনিবার সারাদেশে শোক পালন করা হবে।
এক সময় বাংলাদেশের কথা শুনলে অনেকে নাক সিঁটকাতো। আর এখন বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল। আপনাদের কাছে আমার একটাই দাবি , বাংলাদেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। এসময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে সরকারের নানান উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।







