লক্ষ্মীপুরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে জেলা বিএনপির সদস্যদের গ্রেপ্তার এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করাসহ বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ৯ এপ্রিল রোববার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে দলটির মহাসচিবের বরাত দিয়ে এই নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল ৮ এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগরের থানা ও জেলার উপজেলা পর্যায়ে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এরই অংশ হিসেবে লক্ষ্মীপুরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে জেলা বিএনপি’র সদস্য ও রামগঞ্জ পৌর কাউন্সিলর ফারজানা মজুমদার জনি, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুর রহমানকে গ্রেফতার এবং রামগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য কবির ভাট, আলী আকবরসহ ১০ ১২ জন নেতাকর্মীর ওপর নির্দয় হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করাসহ রামগঞ্জ বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেনের বাড়ীতে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব বলেন, পুলিশ কর্তৃক বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার এবং আওয়ামী সন্ত্রাসীদের এই আক্রমণগুলো সুপরিকল্পিত। নিঃসন্দেহে দেশব্যাপী পুলিশ দিয়ে সরকারি আধিপত্য বিস্তারেরই নগ্ন বহিঃপ্রকাশ। নির্বাচন, প্রশাসন, আইন-আদালতসহ সবকিছুর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যই এখন বিএনপি’র যেকোন শান্তিপূর্ণ কিংবা ঘরোয়া কর্মসূচিতেও এই সমস্ত আক্রমণ চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের গ্রেপ্তার ও তাদের ওপর পৈশাচিক আক্রমণগুলো নীলনকশা অনুযায়ী করা হচ্ছে। মানুষের মৌলিক অধিকারগুলোকে উপেক্ষা করে জনগণকে প্রান্তিক পর্যায়ে ঠেলে দিয়েছে বর্তমান সরকার। সব জায়গায় তাদের ব্যর্থতার জন্য যে ধিক্কার উঠেছে সেটিকে দিকভ্রান্ত করতেই বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তার ও রক্তাক্ত করা হচ্ছে। উৎপীড়ণ ও জুলুমের পরিকাঠামোর মধ্যেই জীবন-যাপন করতে হচ্ছে বিএনপি নেতাকর্মীদের।
মির্জা ফখরুল এসময় লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহবান এবং নেতাকর্মীদের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে বিএনপি’র প্রচার সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি নিন্দা জানিয়ে বলেন, কর্তৃত্ববাদী ও নিপীড়ক আওয়ামী সরকারের শাসনামলে দেশের মানুষের জীবন-জীবিকার কোন নিরাপত্তা নেই। বেকারত্ব, কর্মসংস্থানের অভাবে যখন লাখ লাখ মানুষ দিশেহারা, আশা-আকাঙ্খা ও বেঁচে থাকার স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে তখন ক্ষমতাসীনদের মদদে সমাজের সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের আধিপত্য বিস্তার লাভ করেছে।
তিনি বলেন, গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যাকে সহনীয় করতে সরকার এগুলোকে দৈনন্দিন কাজে পরিণত করছে। চোখ রাঙানি দিয়ে সরকার জনগণকে শাসন করতে চায়। ন্যায় বিচারকে নির্বাসনে পাঠানো হয়েছে বলেই সরকারি বাহিনীসহ ক্ষমতাসীনদের আশ্রিত সন্ত্রাসীরা বিএনপি এবং বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম, খুন, মিথ্যা মামলা, গ্রেপ্তার, শারীরিকভাবে আক্রমণসহ দেশব্যাপী রক্ত ঝরাচ্ছে। দেশে এখন রক্তপিপাসুদেরই জয়-জয়কার।
তিনি অবিলম্বে লক্ষ্মীপুরের কর্মসূচি থেকে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।










