বিনোদন

আগেরবার গালি দিয়েছিল, এবার তালি দেবে: মিম

'দামাল' নিয়ে উচ্ছ্বসিত বিদ্যা সিনহা মিম

তিনজন মানুষ হাসিমুখে ছবি তুলছেন, একজন ফুটবল বল ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন মানুষ হাসিমুখে ছবি তুলছেন, একটি পটভূমিতে বিভিন্ন ছবি ও লেখা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল ঈদে ‘পরাণ’ ছবির মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। সেখানে অনন্যা চরিত্রের মাধ্যমে ভালো-মন্দ দুটি রোল প্লে করেছিলেন।

মিমের দুর্দান্ত অভিনয় এতটাই প্রাণবন্ত ছিল যে অনেক দর্শকরা সত্যি মনে করে মিমকে গালিও দিয়েছিল। তবে এবার তার ‘দামাল’ দেখে হাসনা চরিত্রের জন্য দর্শক তালি দেবে; এমনটাই মনে করে এই নায়িকা।

২৮ অক্টোবর ‘দামাল’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা সিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে মিম ছাড়াও ছিলেন ছবির পরিচালক রায়হান রাফী, সিয়াম, শরিফুল রাজ, রাশেদ অপু, শাহনাজ সুমি, সামিয়া অথৈ প্রমুখ।

মিম বলেন, এবার খুব চ্যালেঞ্জিং চরিত্র করেছি। নিজেকে অনেক লাকি মনে করি ওই সময়ের গল্পে কাজ করতে পেরে। আমার বিশ্বাস আগেরবার দর্শক গালি দিয়েছিল, এবার তালি দেবে।

মিম আরও বলেন, আমি একাত্তরের যুদ্ধ দেখিনি। অনেক ইচ্ছে ছিল যুদ্ধের গল্পের ছবিতে কাজ করবো। সেইসাথে আছে ফুটবলের প্রেক্ষাপট। যখন শুটিং করেছি মনে হতো একাত্তর সালে বসবাস করছি।

এদিকে, মুক্তির ৩ মাস ছাড়ালেও এখনো সিনেপ্লেক্সগুলোতে চলছে মিম অভিনীত ‘পরাণ’। এ কারণে দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই নায়িকা বলেন, পরাণের পাশাপাশি আমার বিশ্বাস দর্শক দামালও উপভোগ করবেন। একসঙ্গে দুই ছবি ভালো চলবে।

দামাল ছবির পরিচালক রায়হান রাফী বলেন, আমার প্রতিটি ছবি সন্তানের মতো। এই ছবি যেহেতু আমার সন্তান এটি লালনপালন করতে অনেক কষ্ট হয়েছে। শুটিংয়ের একসময় কষ্টে কেঁদে ফেলেছিলাম। কিন্তু সবার সহযোগিতায় শেষ করতে পেরেছি।

ফরিদুর রেজা সাগরের মূল গল্পে দামাল প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। স্বাধীন বাংলা ফুটবল দলের কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে দামাল নির্মিত হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত থেকে ইমপ্রেসের ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন বলেন, এটি ইমপ্রেস টেলিফিল্মের অনেক বড় ক্যানভাসের ছবি। মুক্তিযুদ্ধকালীন গৌরবগাঁথা অনেককিছু এতে উঠে আসবে।

বিষয়:রায়হান রাফী রাশেদ অপু শরিফুল রাজ শাহনাজ সুমি সামিয়া অথৈ সিয়াম আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…