ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার সাথে যুদ্ধরত ইউক্রেনকে সহায়তা প্যাকেজ পাঠাতে দেরি হওয়ায় জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন তিনি।
বিবিসি জানিয়েছে, গতকাল (৭ জুন) শুক্রবার ফ্রান্সের প্যারিসে ডি-ডে ইভেন্ট চলাকালে জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীক বৈঠক করেন বাইডেন। সেখানে ইউক্রেনের জন্য নতুন একটি সহায়তা প্যাকেজে স্বাক্ষর করার পর বাইডেন জেলেনস্কির কাছে ক্ষমা চান তিনি।
এসময় তিনি জেলেনস্কিকে বলেন, আপনারা মাথা নত করেননি, একটুও নতি স্বীকার করেননি, আপনারা যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তা অসাধারণ। আমরা কখনও আপনাদের থেকে দূরে সরে যাব না।
তিনি বলেন, কয়েক সপ্তাহ ধরে তহবিলটি আটকে ছিল। এজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ওই বিলটি পাস করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছিল। তবে দেরি হলেও শেষ পর্যন্ত তা পাস হয়েছে।
বাইডেন বলেন, এ পর্যন্ত আমি ছয়টি প্যাকেজ ঘোষণা করেছি। আর আজ বৈদ্যুতিক গ্রিড পুনর্গঠনে সহায়তার জন্য ২২৫ মিলিয়ন ডলারের একটি অতিরিক্ত সহায়তা প্যাকেজ স্বাক্ষর করছি।
মূলত চলতি বছরের শুরুতে ইউক্রেনের জন্য একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ পাস করতে দেরি হয়েছিল। মার্কিন কংগ্রেসে রিপাবলিকান প্রতিনিধিরা তা আটকে দিয়েছিল।
এই সামরিক প্যাকেজ পাসে বিলম্ব করায় ইউক্রেনকে যুদ্ধের সম্মুখসারিতে (ফ্রন্টলাইনে) ব্যাপক ভুগতে হয়েছে। এসময় ইউক্রেন আক্রমণ করে একের পর এক গ্রাম দখল করে নিয়েছে রুশ সেনারা।








