দুই প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ও হামজা দেওয়ান চৌধুরী আগেই জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন। বাকি ছিলেন ডাক পাওয়া আরেক প্রবাসী সামিত সোম। তিনিও সকালে পা রেখেছেন দেশের মাটিতে।
ঢাকায় পৌঁছানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিত পোস্ট করেছেন। তিনটি ছবি দিয়ে লিখেছেন, ‘শুভ সকাল ঢাকা।’ সঙ্গে বাংলাদেশের একটি পতাকার ইমোজি দিয়েছেন।
বুধবার ভোর ৫টায় কানাডা থেকে ঢাকায় পৌঁছান সামিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর তিনি সরাসরি টিম হোটেলে দলের সঙ্গে যুক্ত হন। সন্ধ্যায় ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি মূলত সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের প্রস্তুতির অংশ।
বাংলাদেশ দলের প্রথম ফুটবলার হলেন সামিত, যিনি অন্য দেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা মিডফিল্ডার এখন বাংলাদেশের।







