এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়া সফরের আগে লস অ্যাঞ্জেলেসের একটি গলফ ক্লাব থেকে এক সশস্ত্র ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাম্পের নির্ধারিত সফরের মাত্র দুই দিন আগে এই ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) তদন্তের প্রাথমিক তথ্য লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে পাঠানো হয়। সেসব তথ্য পর্যালোচনা করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প হেলিকপ্টারে করে ওই গলফ ক্লাবে পৌঁছান এবং রিপাবলিকান ন্যাশনাল কমিটির আয়োজিত একটি তহবিল সংগ্রহ নৈশভোজে অংশ নেন। নিরাপত্তাজনিত কারণে তার এই সফর গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়নি।
স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) বিকেলে র্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্পের গলফ ক্লাব এলাকা থেকে ৩৮ বছর বয়সী জিনিন জন টেইলেকে আটক করা হয়। তিনি ক্যালিফোর্নিয়ার ডাউনি এলাকার বাসিন্দা। আটকের সময় তার কাছ থেকে ১৬ রাউন্ড ধারণক্ষম একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়, যাতে বিশেষ ধরনের ‘হলো-পয়েন্ট’ গুলি ছিল। পরে তার গাড়িতে তল্লাশি চালিয়ে একটি গুলি ভর্তি পিস্তল এবং একই ধরনের গুলিভর্তি আরও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, সাদা পোশাকের ফেডারেল এজেন্টরা টেইলেকে গলফ ক্লাবের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে, ছবি ও ভিডিও ধারণ করতে এবং নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখেন। সন্দেহজনক আচরণের পর তাকে আটক করা হয়। পরে শেরিফের তদন্তকারী দল এবং এফবিআইয়ের সন্ত্রাসবিরোধী ইউনিট টেইলের বাসায় অভিযান চালিয়ে একটি অ্যাসল্ট-ধরনের রাইফেল, একটি পিস্তল, বুলেটপ্রুফ জ্যাকেট, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, দুটি রেডিও এবং উদ্বেগজনক বক্তব্য লেখা একাধিক নোটবুক জব্দ করে।
সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক নিরাপত্তা হুমকির ঘটনা ঘটেছে। ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে বন্দুক হামলায় তিনি কানে আঘাত পান এবং একজন সমর্থক নিহত হন। একই বছরের পরবর্তী সময়ে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময়ও এক সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়েছিল। এছাড়া চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করা এক অস্ত্রধারীকে ঘিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটে।








