বিশ্বের দ্বিতীয় বড় সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড। ২০২৪ সালটি এ ইন্ডাস্ট্রির জন্য নিঃসন্দেহে অসাধারণ একটি বছর। বছরজুড়ে এ ইন্ডাস্ট্রি থেকে বড়পর্দায় মুক্তি পেয়েছে প্রায় দেড় শতাধিক সিনেমা। যার মধ্যে অনেক সিনেমাই বক্স অফিস কাঁপিয়েছে। যে সিনেমা গুলোর মাঝে বেশ কিছু সিনেমা ১০০০ কোটির ক্লাবেও নাম লিখিয়েছে। চলুন দেখে নেওয়া যাক চলতি বছরে সর্বোচ্চ আয় করা সেরা পাঁচ ভারতীয় সিনেমার তালিকা।
পুষ্পা টু
২০১৯ সালে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি। যার প্রায় পাঁচ বছর পর এর দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়ে আরো কয়েক গুণ বেশি দাপট দেখাচ্ছে। যদিও বির্তকের কমতি নেই এই ছবিকে ঘিরে কিন্তু তারপরেও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেই এই সিনেমা। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এই সিনেমা ইতোমধ্যেই ১৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। আশা করা যাচ্ছে সামনের দিন গুলোতে আরো বেশি আয় করবে এই সিনেমাটি।
‘কল্কি ২৮৯৮ এডি’
মুক্তির পর থেকেই বক্স অফিসে চমক জাগিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল এই ছবি। নাগ অশ্বিন পরিচালিত এবং প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত এই ছবিটি বিশ্বব্যাপী ১০০০ কোটির বেশি আয়ের রেকর্ড গড়েছে।
স্ত্রী টু
তবে বক্স অফিসে অন্য রকম এক দাপট দেখিয়েছে ‘স্ত্রী টু’। সবাইকে ছাড়িয়ে গেছে এই ছবিটি। ভারতের প্রেক্ষাগৃহগুলোতে দাপটের সঙ্গে ব্যবসা করেছে এই সিনেমা। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই সিনেমাটি বিশ্বব্যাপী ৮৭৫ কোটি রুপি আয় করেছে।
ফাইটার
চলতি বছর ‘ফাইটার’ ছিল বছরের প্রথম বলিউড হিট। দীপিকা পাডুকোন এবং হৃতিক রোশন অভিনীত ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ৩৫০ কোটি রুপি আয় করেছে।
শয়তান
মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখিয়েছে বিকাশ বেহেল পরিচালিত সিনেমা ‘শয়তান’। সেই সঙ্গে দর্শক ও চলচ্চিত্র বিশ্লেষকদের কাছে ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে এই সিনেমা। বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটির আয় করেছে ২১১ কোটি রুপি।







