ফুটবল

বেনজেমাকে পেয়ে আল ইত্তিহাদে উচ্ছ্বাস

বেনজেমা নতুন ক্লাবে যোগদান করে ছবি তুলছেন, দুইজন সৌদি আরবের কর্মকর্তার সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজেমা নতুন ক্লাবে যোগদান করে সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলছেন, ক্লাবের লোগো ও জার্সি দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

কয়েকদিন আগেই সৌদি প্রো লিগের টাইটেল জিতেছে আল ইত্তিহাদ। অপেক্ষাটা ছিল প্রায় ১৪ বছরের। সবশেষ টাইটেল জিতেছিল ২০০৮-০৯ মৌসুমে। শিরোপা জয়ের উল্লাসের রেশ থাকতেই যোগ হল নতুন আনন্দ। সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বেনজেমার যোগ দেয়াতে উচ্ছ্বাসের জোয়ার বইছে মধ্যপ্রাচ্যের ক্লাবটিতে।

রিয়াল মাদ্রিদ থেকে বেনজেমা আনুষ্ঠানিক বিদায় নেয়ার পর আল ইত্তিহাদ জানিয়েছে ফরাসি তারকা আসছেন তাদের ডেরায়। চুক্তি সই সেরেছিলেন তার একদিন আগে। নতুন অধ্যায় শুরুর আগে রোমাঞ্চিত বেনজেমাও।

৩৫ বর্ষী তারকার সঙ্গে তিন বছরের চুক্তি করেছে সৌদি ক্লাবটি। যদিও বেতনের অঙ্ক প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বছরে ২০ কোটি ইউরো পাবেন বেনজেমা। বেনজেমার সঙ্গে চুক্তির বিষয়টিকে ক্লাবের ইতিহাসের সবচেয়ে প্রভাববিস্তারী বলে মনে করছে আল ইত্তিহাদ।

বিবৃতিতে বলেছে, ‘বেনজেমার আগমণ ক্লাবের ইতিহাসে সবচেয়ে প্রভাববিস্তারী চুক্তি। সৌদি প্রো লিগের ইতিহাসের সফলতম মৌসুমের পর এটি একটি মাইলফলক হয়ে থাকবে। বিশ্বের সেরা তারকাদের জন্য শীর্ষ ঠিকানাগুলোর একটি হয়ে উঠতে সৌদি লিগের যে প্রচেষ্টা, সেই অভিযানে একটি বড় পদক্ষেপ এটি।”

বেনজেমাকে দলে টানা ক্লাবের ইতিহাসের বড় অর্জনগুলির একটি বলে মনে করেছেন আল ইত্তিহাদ প্রেসিডেন্ট আনমার বিন আব্দুল্লাহ আল-হাইলাই। বলেছেন, ‘করিম একজন গ্লোবাল ফুটবল আইকন। তিনি তুমুল জনপ্রিয়। তিনি এখনও নিজের সামর্থ্যের চূড়ায় আছেন। আমাদের ক্লাবে এবং তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লিগে যোগ দিয়েছেন তিনি। এমন একটি দেশে এসেছেন, যেখানে মাঠের ভেতরে ও বাইরে রয়েছে প্রবল উচ্চাকাঙ্ক্ষা।’

বিষয়:আল ইত্তিহাদ বেনজেমা সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…