প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: জঙ্গিবাদ, সন্ত্রাস নয় ইসলাম সব ধর্মের মানুষের প্রতি সহনশীলতা দেখানোর শিক্ষা দেয়। ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ইসলামের নামে খুন-হত্যার মাধ্যমে কিছু মানুষ একে কলুষিত করছে। রমজানে মুনাফালোভি ও কালোবাজারিদের ব্যাপারে সচেতন হতেও বলেছেন প্রধানমন্ত্রী।
দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৫শ ৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যেই দু’দফায় একশত মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জেলা-উপজেলায় চোখে পড়ে সুদৃশ্য এসব মসজিদ যা অত্যন্ত দৃষ্টিনন্দন ও আধুনিক সযোগসুবিধা সম্পন্ন।
এবার তৃতীয় দফা আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম নিয়ে কেউ যাতে বাড়াবাড়ি না করে সেজন্য ইসলামের প্রকৃত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দিতে বলেন প্রধানমন্ত্রী।
রমজান মাস সামনে রেখে মসজিদে মসজিদে খুতবায় ভেজাল ও কালোবাজারিদের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা।
পরে কয়েকটি এলাকার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিমিয় করেন প্রধানমন্ত্রী। তাদের আবেগ-অনুভুতির কথা শোনেন। সাধারণ মানুষও মসজিদ নির্মাণের জন্য সরকারকে ধন্যবাদ জানান।









