ক্রিকেট

স্পন্সরে টাকার অঙ্ক কমেছে বিসিবির

বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরে যাওয়ার সাড়ে পাঁচ বছর পর আবার জাতীয় দলের স্পন্সর হিসেবে ফিরেছে রবি অজিয়াটা লিমিটেড। ৫০ কোটি টাকা চুক্তিতে সাড়ে তিন বছরের জন্য বিসিবির পৃষ্ঠপোষকতা করবে টেলিকম প্রতিষ্ঠানটি। আগের চুক্তির চেয়ে এই অঙ্ক উল্লেখযোগ্য পরিমাণ কম।

গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ দিয়ে দারাজের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হওয়ার পর জাতীয় দলের স্পন্সর ছিল না। দেশের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও পরে নিউজিল্যান্ড সফরে ছিল না কোনো স্পন্সর। রবিকে পেয়ে তাই বিসিবিও স্বস্তি পেল যেন।

ভারতীয় প্রতিষ্ঠান সাহারার সঙ্গে বিতর্কিত চুক্তির পর ২০১৫ সালে জাতীয় দলের স্পন্সর হিসেবে যাত্রা শুরু হয় রবির। প্রাথমিক চুক্তি ছিল ২০১৭ পর্যন্ত। সেবার অবশ্য একটি প্রতিষ্ঠান দরপত্রে জিতে পরে রবির হাতে স্পন্সরশিপ তুলে দেয়।

পরে চুক্তি নবায়ন করে সেটি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার ১০ মাস আগেই সরে দাঁড়ায় রবি। জাতীয় দলের একাধিক ক্রিকেটারের অন্য টেলিকমিউনিকেশন কোম্পানির সঙ্গে ব্যক্তিগত চুক্তি করাকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিয়েছিল প্রতিষ্ঠানটি।

সেসময় চুক্তির টাকার অঙ্ক আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। বিভিন্ন সুত্র থেকে জানা গিয়েছিল, দুই বছরের জন্য টাকার পরিমাণ ৪২ কোটির আশেপাশে ছিল। ২০১৭ সালে দুই বছরের জন্য রবি চুক্তি নবায়ন করে ৬১ কোটি টাকায়। অথচ এবার সাড়ে তিন বছরের জন্য চুক্তি হয়েছে ৫০ কোটি টাকায়।

টাকার অঙ্ক কমে যাওয়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরি সুজন বলেন, ‘সবকিছু তো আসলে তুলনা করা যায় না। আমাদের মনে হয়েছে, এটি ভালো চুক্তি। বর্তমান প্রেক্ষাপট ও অন্যান্য বিষয় মিলিয়ে আকর্ষণীয় মনে হয়েছে। অন্যান্য পৃষ্ঠপোষকদের সঙ্গেও কথা হয়েছে। তারপর আমাদের মনে হয়েছে, রবির সঙ্গে এই চুক্তিটা আমরা করতে পারি।’

জাতীয় ক্রিকেট দলের সবশেষ স্পন্সর ছিল দারাজ, তাদের সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছিল ৪০ কোটি ১০ লাখ টাকায়। এবার রবির সঙ্গে সাড়ে তিন বছরে ৫০ কোটি টাকা। সে তুলনায় অবশ্য একবছর বেশি মেয়াদের পাশাপাশি বেড়েছে ৯ কোটি ৯০ লাখ টাকা।

বিষয়:টিম টাইগার্স দারাজ বিসিবি রবি স্পন্সর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…