মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জেতা বাংলাদেশ দলকে ৫০ লাখ টাকা উপহার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটির প্রধান নাজমুল হাসান পাপন বুধবার উপহারের কথা জানিয়েছেন।
সাউথ এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে গত সোমবার শিরোপার মঞ্চে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে দেন সাবিনা-সানজিদারা। তাদের জয়ে দেশে চলছে উৎসবের আমেজ। ঘণ্টাখানেক পর দেশের মাটিতে পা দেবেন চ্যাম্পিয়নরা। দুপুরে ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে হবে চ্যাম্পিয়নদের বিজয়যাত্রা।
মেয়েদের এমন সাফল্য ছুঁয়ে গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসানকেও। বলেছেন, ‘ঐতিহাসিক অর্জন ও অনবদ্য পারফর্ম করে জাতিকে গর্বিত করেছে বাংলাদেশ নারী দল। তাদের প্রচেষ্টার জন্য আমাদের প্রশংসা ও সমর্থনের চিহ্ন হিসাবে বিসিবির পক্ষ থেকে পুরো দলকে ৫০ লক্ষ টাকা দেয়ার ঘোষণা করছি।’
বিসিবি সভাপতি মনে করেন, মেয়েদের এ অর্জন আরও বর্ধিত হবে। দেশে ও দেশের বাইরে থেকে সম্মান বয়ে আনতে সব খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে।
সাবিনা-স্বপ্না-কৃষ্ণাদের বহনকারী বিমান রানওয়ে স্পর্শ করবে দুপুর ১টা ৫০ মিনিটে। বিমানবন্দরে ফুল দিয়ে বরণের পর ফুটবলারদের করানো হবে মিষ্টিমুখ। সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স শেষে তারা ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের পথে রওনা দেবে। সেখানে চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করবেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থার প্রধান কাজী সালাউদ্দিন।







