স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া দর্শকদের খাবার ও পানীয় নিয়ে ভোগান্তির অভিযোগ প্রায় শোনা যায়। যার মধ্যে অন্যতম দাম বেশি রাখার বিষয়টি। ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছিল বিসিবি। বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজে বাইরে থেকে কেনা খাবার ও পানীয় নিয়ে গ্যালারিতে ঢোকার অনুমতি পেয়েছিলেন দর্শকরা। তবে এক ম্যাচ পরই সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো বিসিবি।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সিরিজের বাকি দুই ম্যাচে দর্শকদের খাবার বা পানি নিয়ে গ্যালারিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বোর্ড। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কথা জানায় বিসিবি।
বলেছে, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচ আগামী ২২ এবং ২৪শে জুলাই গড়াবে। এই দুই ম্যাচ দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’
‘এ বিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সম্মানিত দর্শকদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিনীত অনুরোধ জানাচ্ছে।’








