ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দেওয়া মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। তিনি মন্তব্যটিকে উদ্দেশ্যপ্রণোদিত, কুরুচিপূর্ণ এবং ইতিহাসবিরোধী বলে আখ্যায়িত করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাহমুদ হাসান রিপন বলেন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও সাংগঠনিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় অনন্য ভূমিকা পালন করেছে। এমন একটি প্রতিষ্ঠানকে রাষ্ট্রের ‘সবচেয়ে বড় ক্ষতির জায়গা’ হিসেবে বর্ণনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, শতবর্ষ ধরে দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও জাতীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রগঠন, গণতান্ত্রিক চর্চা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও বুদ্ধিজীবীদের অবদান ইতিহাসে স্বীকৃত।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর অন্যতম প্রধান লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই হামলায় বহু শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী নিহত হন। তার মতে, এই ঘটনাই দেশের ইতিহাসে বিশ্ববিদ্যালয়টির গুরুত্বের অন্যতম প্রমাণ।
মাহমুদ হাসান রিপন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য রাষ্ট্রনায়ক, বিচারপতি, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক, কূটনীতিক ও প্রশাসক গড়ে উঠেছেন, যারা রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি অভিযোগ করেন, দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে তিনি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের মন্তব্য দায়িত্বশীল জনপরিসরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি দেশের বর্তমান গণতান্ত্রিক পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।








