ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আরও একটি রেকর্ড হল। টি-টুয়েন্টিতে ঘরোয়া দল বরোদা ৫ উইকেট হারিয়ে সর্বোচ্চ ৩৪৯ রান তোলার রেকর্ড গড়েছে সিকিমের বিপক্ষে। বৃহস্পতিবার রেকর্ডের দিনে ছাড়িয়ে গেছে গত অক্টোবরে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের করা ৩৪৪ রানের রেকর্ড।
বরোদা ইনিংসে ৩৭টি ছক্কা হাঁকিয়েছে, যা টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের, গাম্বিয়ার বিপক্ষে ২৭ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিল দলটি।
শ্বাশত রাওয়াত এবং অভিমন্যুসিং রাজপুত পাওয়ার প্লেতে ৯২ রান তুলেছেন, যেখানে অভিমন্যু ১৯ বলে ফিফটি করেছেন। ভানু পানিয়া ৪২ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার ফিফটি এসেছিল ২০ বলে, পরের ফিফটি ২২ বলে। তিনি ৫টি চার এবং ১৫টি ছক্কা হাঁকিয়েছেন। ঘরোয়ার ৩৯ ইনিংসের ক্যারিয়ারে তার প্রথম সেঞ্চুরি এবং ৫১ বলে ১৩৪ করে অপরাজিত থাকেন।
শিভলিক শর্মা এবং উইকেটকিপার-ব্যাটার বিষ্ণু সোলাঙ্কি ফিফটির দেখা পেয়েছেন। শিভলিক ১৭ বলে ৫৫ করার পর সোলাঙ্কি ১৬ বলে ৫০ করেছেন। সিকিমের সাত বোলারের ৪ জন ওভারে ২০ রানের বেশি করে দিয়েছেন।
বরোদা এ মৌসুমে ঘরোয়াতে আধিপত্য বিস্তার করে খেলছে। রঞ্জি ট্রফিতে তাদের পাঁচ ম্যাচের চারটিতে জয় তুলে নিয়েছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ছয় ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে দলটি।







