জনপদ

বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বরিশাল জিলা স্কুল অ্যালামনাই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণকারী সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বরিশাল জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার ১২ জুন।

বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন ১৯৫১ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ৬৮টি ব্যাচের প্রায় ২ হাজার সাবেক শিক্ষার্থী।

দিনভর আনন্দ, আড্ডা, স্মৃতিচারণা আর উচ্ছ্বাসে মুখর ছিল বরিশাল জিলা স্কুলের প্রাঙ্গণ এবং আশপাশ। নবীন-প্রবীণ সকল সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান হয়ে ওঠে এক অনন্য আবেগঘন মিলনমেলা।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয় বরিশাল জিলা স্কুল মাঠে। এরপর আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যা স্কুল থেকে শুরু হয়ে বরিশাল টাউন হল ও নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুলে ফিরে আসে। শোভাযাত্রায় ছিল স্কুল ব্যান্ড দলের তালে তালে ব্যাচভিত্তিক রঙিন পদযাত্রা, যা ছিল সকলের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু।

মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বরিশাল ক্লাবের টেনিস লনে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৯৫১ ব্যাচের ছাত্র হা‌বিবুর রহমান,বরিশাল জিলা স্কু‌লের বর্তমান প্রধান ‌শিক্ষক স‌বিতা রানী হালদার, ১৯৫৯ ব‌্যা‌চের ছাত্র সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বুয়েটের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রকৌশলী ড. শামীমুজ্জামান বসুনিয়া এবং ১৯৫২ ব‌্যা‌চের শিক্ষার্থী বিশিষ্ট চিকিৎসক ডা. হারুন অর র‌শিদ। আরও উপস্থিত ছিলেন ১৯৭২ ব‌্যা‌চের শিক্ষার্থী আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, প্রাক্তন শিক্ষার্থী সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন ও বিশিষ্ট রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন হেলালসহ আরও অনেক প্রাক্তন কৃতী শিক্ষার্থী।

বরিশাল জিলা স্কুল ১৮২৯ সালে “বরিশাল ইংলিশ স্কুল” নামে যাত্রা শুরু করে, সেই প্রতিষ্ঠানটির দুই শতাব্দীর কাছাকাছি দীর্ঘ ইতিহাসের অংশ হতে পেরে সকলেই গর্বিত ও আবেগাপ্লুত হন। আয়োজকরা জানিয়েছেন, প্রাক্তনদের মধ্যে বন্ধন ও সৌহার্দ্য আরও দৃঢ় করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

বিষয়:অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঈদ পুনর্মিলনী বরিশাল জিলা স্কুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…