বাংলাদেশ

বিদায়ের আগে জয়শঙ্করের সঙ্গে রিয়াজ, বৈঠকে কী আলোচনা?

বিদায়ের আগে জয়শঙ্করের সঙ্গে রিয়াজ, বৈঠকে কী আলোচনা?

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

রোববার (৪ অক্টোবর) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জয়শঙ্কর এটিকে ‘ফেয়ারওয়েল কল’ বা বিদায়ী সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে রিয়াজ হামিদুল্লাহর অবদানের প্রশংসা করে ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য তাকে শুভকামনাও জানান তিনি।

বৈঠকের ছবি প্রকাশ করে রিয়াজ হামিদুল্লাহ জানান, ভারতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে নীরবে ও ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থকে এ প্রচেষ্টার ভিত্তি হিসেবে দেখেছেন বলেও জানান তিনি।

কূটনীতির ‘চিরাচরিত পথে না হেঁটে’ দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্কের জায়গাটিকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান রিয়াজ হামিদুল্লাহ।

রিয়াজ হামিদুল্লাহ ২০২৫ সালের এপ্রিল মাসে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন। প্রায় দেড় বছরের দায়িত্ব শেষে শিগগিরই জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

তার স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। তিনি নভেম্বরে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেবেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয়ে টানাপোড়েনের পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ভারতের হাইকমিশনার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে এবং ১ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎটি দুই দেশের কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতার অংশ হিসেবে অনুষ্ঠিত হলো।

বিষয়:এস জয়শংকর বাংলাদেশের রাষ্ট্রদূত বৈঠক ভারতের পররাষ্ট্রমন্ত্রী রিয়াজ হামিদুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…