স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপে বাংলাদেশীদের বিড়ম্বনা

ইউরোপে যাওয়ার জন্য বাংলাদেশি পর্যটক ও শ্রমিকরা তাদের লাগেজ নিয়ে প্রস্তুত হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটসহ অন্য ভিসায় ইউরোপ যাওয়ার পর সব কাগজপত্র ঠিক থাকলেও দেশে থাকা স্ত্রী বা পরিবারের সদস্যদের ইউরোপে নিতে বিড়ম্বনায় পড়ছেন বাংলাদেশীরা।
ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশীরা বলছেন, ভারতসহ অন্য দেশের নাগরিকরা কয়েক মাসে পরিবার নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশীদের সময় লাগে কয়েক বছর।
ইউরোপের বিভিন্ন দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, চাকরি, ব্যবসাসহ নানা কারণে আসেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। যারা বৈধভাবে কয়েক বছর থাকার জন্য এখানে আসেন তাদের দেশে থাকা পরিবার পরিজনদের নিয়ে আসতে নানা সমস্যায় পড়তে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন রাকিব উদ্দিন। উচ্চ শিক্ষার জন্য তিনি ভর্তি হয়েছেন জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে। গত তিন বছর ধরে সব কাগজপত্র থাকার পরেও জার্মানিতে নিতে পারছেন না তার স্ত্রীকে।
এমন সমস্যায় আছেন আরো অনেক বাংলাদেশী।
বাংলাদেশীরা জানান, ইউরোপে বৈধভাবে বসবাস করা অন্যদেশের নাগরিকরা দু’তিন মাসের মধ্যেই তাদের স্ত্রী বা স্ত্রী তার স্বামীকে বৈধভাবে নিতে পারেন। অথচ বাংলাদেশীদের ক্ষেত্রে যত ঝামেলা সৃষ্টি হচ্ছে।
পিএইচডিসহ শিক্ষা খাতে যারা গত কয়েক বছর ইউরোপে বৈধভাবে কাজ করছেন কিন্তু দেশে থাকা স্ত্রী বা স্বামীকে নিতে পারছেন না-এমন অভিযোগ আসার কারণে এ বিষয়টি নিয়ে কাজ করেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থী, শ্রমিকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উদ্যোক্ততা, ব্যবসায়ী, প্রকৌশলী, চিকিৎসকসহ মর্যাদাপূর্ণ অনেক পেশাতেই এখানে বাংলাদেশীরা রয়েছেন।



