আন্তর্জাতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

Man wearing sunglasses outdoors in bright sunlight. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাসুম মিয়া (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোরে সেন্ট বার্থোলোমিউস সড়কে একটি গাড়ির ভেতর থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার পর হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

নিহত মাসুম মিয়ার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামে। তিনি মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকেই মাসুম মিয়া লন্ডনে বসবাস করছিলেন। মাঝেমধ্যে তিনি বাংলাদেশে আসতেন। তার একটি আড়াই বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। তার বাবা ছাড়া পরিবারের অন্য সদস্যরা সবাই যুক্তরাজ্যে বসবাস করেন।

মাসুম মিয়ার ছোট ভাই মানিক উদ্দিন তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় ভোর চারটার দিকে হঠাৎ পুলিশ তাদের বাসায় আসে। পুলিশ প্রথমে জানতে চায়, এটি মাসুম মিয়ার বাসা কি না। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করার পর পুলিশ মাসুম মিয়ার একটি ছবি দেখতে চায়। ছবি দেখার পর পুলিশ জানায়, মাসুম মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মানিক উদ্দিন বলেন, ‘কী কারণে বা কারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, তা এখনো জানতে পারিনি।’ মাসুম মিয়ার মরদেহ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশ অনলাইনে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস রোডে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের পাশাপাশি লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ও লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্সের সদস্যরাও দ্রুত উপস্থিত হন। সেখানে একটি গাড়ির ভেতরে মাছুমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও চিকিৎসাকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হওয়ার বিষয়টি পরিবারকে জানানো হয়েছে এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরিবারের সদস্যদের সহায়তা দিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, সেন্ট বার্থোলোমিউস রোডের ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ ও তদন্তকাজ চালাচ্ছেন গোয়েন্দারা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিষয়:দুর্বৃত্তের গুলি বাংলাদেশি নিহত লন্ডন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…