টি-টুয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে অভিযান শুরু করেছে টিম টাইগার্স। দ্বিতীয় ম্যাচে আরও বড় পরীক্ষা অপেক্ষায়। শান্ত-সাকিবদের দিতে হবে সাউথ আফ্রিকা পরীক্ষা।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার প্রোটিয়াদের মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু মাঠের লড়াই। এ ভেন্যুতেই রোববার ভারত-পাকিস্তানের অল্পরানের ম্যাচটি হয়েছে।
লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও ব্যাটাররা ছিলেন না ছন্দে। লিটন দাস রানে ফিরলেও সৌম্য সরকার হতাশ করেছেন আরও একবার। সেইসঙ্গে ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিমের ব্যাটও পারেনি আলো ছড়াতে।
লিটন-তামিমকে ওপেনিংয়ে রেখে প্রোটিয়াদের বিপক্ষে সৌম্যকে একাদশের বাইরে রাখতে পারেন টাইগার কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। পরিবর্তে লোয়ার মিডলঅর্ডারে জায়গা পেতে পারেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁ-হাতের আঙুলে গুরুতর চোটে পড়েছিলেন শরিফুল ইসলাম। আঘাতস্থলে লেগেছিল ৬ সেলাই। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি টাইগার পেসার। সাউথ আফ্রিকা ম্যাচের আগে অনুশীলনে ফিরলেও তাকে না খেলানোর সম্ভাবনাই বেশি। শেষপর্যন্ত শরিফুল একাদশে থাকলে বাদ পড়তে পারেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার/শেখ মেহেদী হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), তানজিম হাসান সাকিব/শরিফুল ইসলাম।







