বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন গম কিনবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের মনোনীত গমচাষিদের বাণিজ্যিক সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েশনের (ইউএসডব্লিউএ) মধ্যে একটি চুক্তি হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারিতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসা উন্নতমানের গমের একটি চালান স্বাগত জানান। ওই গম চুক্তির আওতায় বাংলাদেশে এসেছে।
মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের মোট গমের চাহিদার মাত্র ১৩ শতাংশ দেশে উৎপাদিত হয়। ফলে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির মাধ্যমে দেশের মানুষের জন্য উচ্চ প্রোটিনসমৃদ্ধ ও পুষ্টিকর শস্যের সরবরাহ নিশ্চিত হবে।
একই সঙ্গে এই বাণিজ্যের ফলে যুক্তরাষ্ট্রের কৃষক ও ব্যবসায়ীদের জন্য নতুন বাজার ও ব্যবসার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৃষিখাতের পাশাপাশি দেশটির জনগণের অর্থনৈতিক সমৃদ্ধিতেও অবদান রাখবে বলে উল্লেখ করা হয়েছে।










