ক্রিকেট

ক্যারিবীয়দের ধসিয়ে সিরিজ সমতায় জ্যোতির বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যস্ত, সিরিজ সমতায় জ্যোতির বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যস্ত, সিরিজ সমতায় জ্যোতির বাংলাদেশ, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয়টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিকদের বিপক্ষে ৬০ রানের বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা এনেছে নিগার সুলতানা জ্যোতির লাল-সবুজের দল।

সেন্ট কিটসে মঙ্গলবার রাতে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস। ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৪ রানের সংগ্রহ পায় টিম টাইগ্রেস। জবাবে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিতে যায় স্বাগতিক দল।

ব্যাটে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। ৩৫ রানের ওপেনিং জুটি ভেঙে আউট হন ফারজানা হক পিংকি। তার ব্যাটে আসে ১৮ রান। এরপর মুর্শিদা খাতুন ১২ ও শারমিন আক্তার ১১ রানে আউট হলে দায়িত্ব নিয়ে খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

জ্যোতির ৬৮, সুবহানা মোস্তারির ২৩ ও স্বর্ণা আক্তারের ২১ রানে ভর করে ১৮৪তে পৌঁছে যায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০ ওভার বল করে ৬৩ রান দিয়ে ৪ উইকেট নেন কারিশমা রামহারক। ৩ উইকেট শিকার করেন আলিয়া আলিনে এবং একটি করে উইকেট নেন ডিয়েন্দ্রা ডটিন, চেরি-অ্যান ফ্রেজার ও আফি ফ্লেচার।

ব্যাটে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ান মেয়েরা। স্বাগতিকদের সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন শেমেইন ক্যাম্পবেল। অধিনায়ক ম্যাথিউস ১৮, আলিনে ১৫ ও চেরি-অ্যানের ১৮ রান জয়ের জন্য পর্যাপ্ত ছিল না।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। মারুফা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন নেন ২টি করে উইকেট।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ জ্যোতি ফাহিমা বাংলাদেশ মেয়েদের ওয়ানডে সিরিজ রাবেয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…