বাংলাদেশ

নবীন পুলিশ কর্মকর্তাদের জনগণের আস্থা অর্জনের আহ্বান আইজিপির

নবীন পুলিশ কর্মকর্তাদের জনগণের আস্থা অর্জনের আহ্বান আইজিপির

আইন ও বিধি-বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের নিজেদের প্রস্তুত করতে হবে। নিত্যনতুন জ্ঞান ও অভিজ্ঞতায় নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি দায়িত্ব পালনে নিরপেক্ষতা, আইন ও বিধি-বিধান এবং পেশাদারত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, পুলিশিং একটি সেবা ও চ্যালেঞ্জের কাজ। ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। জনগণের সঙ্গে আস্থাপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের সেবা দিতে হবে।

নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ লিডার উল্লেখ করে আলী হোসেন ফকির বলেন, সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে নিরাপদ বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা রাখতে হবে। প্রত্যেককে পুলিশ বাহিনীর একজন অ্যাম্বাসেডর হিসেবে জনগণের পাশে দাঁড়াতে হবে।

আইজিপি আরও বলেন, বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকে নতুন পথরেখা নির্মাণ করতে হয়েছে। এতে জনপ্রত্যাশা, মানবাধিকার এবং নারী, শিশু ও বয়স্কদের প্রতি সংবেদনশীলতার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে নবপদায়িত কয়েকজন কর্মকর্তা মাঠপর্যায়ের প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা পেশাদারত্বের সঙ্গে জনগণকে সেবা দিয়ে জনআস্থা অর্জনের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে তিনি জাতির প্রত্যাশা পূরণে দায়িত্ব পালনের জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী।

বিষয়:৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচ আইজিপি পুলিশ সদর দপ্তর মো. আলী হোসেন ফকির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…