অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশগ্রহণ করেছে বাংলাদেশের মেয়েরা। আসরের প্রথম ম্যাচে জাপানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
উজবেকিস্তানের বিপক্ষে নেমে প্রথম কোয়ার্টারে কোনো গোল পায়নি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। এরপর আরেকটি গোল আসে লাল-সবুজদের পক্ষে। ম্যাচের তৃতীয় গোলটিও আসে দ্বিতীয় কোয়ার্টারে।
পরের দুই কোয়ার্টারে আর কোনো গোল পায়নি বাংলাদেশ। বিপরীতে উজবেকিস্তানের মেয়েরা বাংলাদেশের জালে কোনো বল জড়াতে পারেনি। শেষপর্যন্ত ওই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেয়েরা। হকির এ আসরে এটি বাংলাদেশের প্রথম জয়।
আসরের প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।








