ক্রিকেট

শান্ত-লিটনদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রশিক্ষণ বা প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, তারা ক্রিকেট পোশাক পরা এবং একসঙ্গে হাঁটছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিরপুর টেস্টে ১০৪ রানে জয়ের পর সিলেটে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে টিম টাইগার্স। ঘরের মাটিতে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সিলেট টেস্টের প্রথমদিনে টসে হেরে আগে ব্যাটে নেমেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৮ রানে থামে স্বাগতিক দল। জবাবে ২৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৪৬ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৯০ রানে অলআউট হয় টিম টাইগার্স। নাজমুল হোসেন শান্তদের সংগ্রহ দাঁড়ায় ৪৩৬ রান। বড় লক্ষ্যে নেমে ৯৭.২ ওভারে ৩৫৮ রানে থামে সফরকারীদের দ্বিতীয় ইনিংস। ঘরের মাটিতে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশের স্বাদ পায় বাংলাদেশ।

২-০ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে ভারত।

স্মরণীয় অর্জনে নাজমুল হোসেন শান্তদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে, বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দলীয় ঐক্য-শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

বিষয়:তাইজুল তারেক রহমান পাকিস্তান প্রধানমন্ত্রী বাংলাদেশ মুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…