আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে প্রথম দুই টি-টুয়েন্টিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নেমে ব্যাটিংয়ে খুব বেশি ভালো করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাটে নেমে আইরিশদের ১২৪ রানের লক্ষ্য দিয়েছে টিম টাইগ্রেস।
সিলেটে সোমবার টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করে বাংলাদেশ।
ওপেনিংয়ে সোবহানা মোস্তারিকে নিয়ে নামেন মুর্শিদা খাতুন। ৩৩ রানে প্রেন্ডারগাস্টের শিকার হয়ে সাজঘরে ফিরে যান মুর্শিদা। ওয়ান ডাউনে নামেন শারমিন আকতার। পাওয়ার প্লে শেষে টাইগ্রেসদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৪৯ রান।
শারমিনের সঙ্গে দারুণ এক জুটি গড়েন সোবহানা। ৫৮ বলে ৭১ রান যোগ করেন জুটিতে। বাংলাদেশ বড় স্কোরের সুবাস পাচ্ছিল। শারমিনের বিদায়ে ভাঙে জুটি।
৩৩ বলে ৪ চারে ৩৪ রান করে ম্যাগুয়েরের শিকার হন শারমিন। তার বিদায়ের পর সোবহানাও বেশিক্ষণ টেকেননি। পরের ওভারে বল হাতে ফিরে সোবহানাকে ফেরান ম্যাগুয়ের। ৪৩ বলে ৬ চারে ৪৫ রান করেন এ ওপেনার। বাকিদের মধ্যে কেউ আর দাঁড়াতে না পারলে শেষপর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১২৩ রানে।







