বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টুয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার রেশ কাটার আগেই সুখবর টাইগারদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে এসেছেন নাজমুল হোসেন শান্ত, এগিয়েছেন লিটন দাসও।
সিরিজের তৃতীয় টি-টুয়েন্টির পর মঙ্গলবার র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ৬৮ ধাপ এগিয়ে ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে শান্ত এখন ব্যাটারদের মধ্যে ১৬ নম্বরে। লিটন দাস ৯ ধাপ এগিয়ে ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২তম স্থানে এসেছেন।
বোলিং র্যাঙ্কিংয়েও বাংলাদেশের জন্য ভালো খবর এসেছে। ১৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে এসেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার রেটিং পয়েন্ট ৬১১। লাল-সবুজের দলের টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ৯ ধাপ এগিয়ে ৫৮৮ রেটিং পয়েন্ট সঙ্গী করে ২৪ নম্বরে এসেছেন।
সাত ধাপ এগিয়ে ৪১তম স্থানে পেসার তাসকিন আহমেদ। আরেক পেসার হাসান মাহমুদ দুই ধাপ এগিয়ে ৪৭তম স্থানে।
টি-টুয়েন্টি সংস্করণে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ ধরে রেখেছেন সাকিব আল হাসান।
অন্যদিকে, টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকার শীর্ষে এখন রবীচন্দ্রন অশ্বিন। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে টপকেছেন তিনি। ব্যাটিংয়ে তিন বছর পর টেস্ট সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলি সাত ধাপ এগিয়ে ১৩তম স্থানে আছেন।
দুই ধাপ উন্নতি করে ব্যাটারদের সাতে অজি তারকা উসমান খাজা ও একধাপ এগিয়ে দশে আছেন রোহিত শর্মা। শীর্ষ অক্ষুণ্ণ রেখেছেন অজি ব্যাটার মার্নাস লাবুশেন।








