আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। ছয় দিনের ব্যবধানে এটি তৃতীয় ভূমিকম্প। বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।
শুক্রবার ৫ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে বিমান আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
সরকারের নির্দেশনায় এই সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বিমানে রয়েছে খাদ্য সামগ্রী, ওষুধ, ত্রাণসামগ্রীসহ অন্যান্য জরুরি পণ্য। এ মানবিক সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ আবারও আন্তর্জাতিক সহমর্মিতা ও প্রতিবেশী দেশের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবের পরিচয় দিয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী এ ধরনের আন্তর্জাতিক মানবিক মিশনে পূর্বেও অংশগ্রহণ করেছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটকালীন সময়ে দেশের সীমানা ছাড়িয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোয় বাহিনীটির এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে প্রশংসিত।







