ঘরের মাঠে পাকিস্তান বধের আনন্দের রেশ আরো বাড়িয়ে দিলো আইসিসি। টাইগার ক্রিকেটারদের বড় পুরস্কার দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের। সবশেষ প্রকাশিত টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের পোস্টারবয় বাবর আজমকে ছুঁয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাঁহাতি ব্যাটার। ব্যাটার ও বোলারদের তালিকায়ও উন্নতি করেছে দেশের আরও কয়েকজন ক্রিকেটার।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। যেখানে টেস্ট ব্যাটারদের মধ্যে ১৬ ধাপ এগিয়েছেন শান্ত। ২৩তম স্থানে তার সঙ্গী পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম, যিনি মিরপুর টেস্টে খেলতে পারেননি। দুই জনেরই রেটিং পয়েন্ট ৬৪৯। মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০১ ও দ্বিতীয় ইনিংসে ৮৭ রান আসে অধিনায়কের ব্যাট থেকে।
পাকিস্তানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আরও দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। মুশফিক দুই ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন। মুশফিকের ক্যারিয়ার সর্বোচ্চ র্যাঙ্কিং ১৭। আর ১২ ধাপ এগিয়ে ইংল্যান্ডের তারকা ব্যাটার অলি পপের সঙ্গে যৌথভাবে ৩৫তম স্থানে জায়গা করে নিয়েছেন মুমিনুল।
বোলিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠেছেন নাহিদ রানা। মিরপুরে ২ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৩ নম্বরে। এর আগে ২০২৩ সালে ডিসেম্বরে ১৪ নম্বরে উঠেছিলেন তাইজুল। এদিকে প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেও আগের মতোই ২৭ নম্বরে আছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন মিরাজ।







