শুরুতে বলে দাপট, গতির পর স্পিনেও আলো ছড়িয়েছে বাংলাদেশ। পেসার নাহিদ রানার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫ উইকেট, ৩১তম ওভার পেরোনোর আগেই অলআউট পাকিস্তান। শেষে ব্যাটেও দাপট দেখিয়েছে টিম টাইগার্স। তানজিদ হাসান তামিমের ঝড়ো অপরাজিত ফিফটিতে ওয়ানডেকে টি-টুয়েন্টি বানিয়ে ১৫.১ ওভারেই জয় তুলেছে মেহেদী হাসান মিরাজের দল। তিন ওয়ানডের সিরিজে ৮ উইকেটে জিতে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার গড়িয়েছিল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডে। সব খবর দ্রুত ছিল চ্যানেল আই অনলাইনের লাইভ ব্লগে। ডাচ-বাংলার সৌজন্যে খেলা সরাসরি দেখিয়েছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন, ধারাভাষ্য ছিল রেডিও ভূমিতে।

২০.১৬
‘উইকেট ভালো ছিল, আমার মতে এটা ভালো আচরণ করেছে।
১৮.২৫
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে
১৮.১৩
দুরন্ত-উড়ন্ত এক জয় বাংলাদেশের
ছোট লক্ষ্য তাড়ায় নেমে ঝড়ো ব্যাটিং করেছে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসানের (৪) বিদায়ের পর মারকুটে ব্যাটিং শুরু করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩৩ বলে ২৭)। নবম ওভারে ফিফটির জুটি গড়েন তারা।
শান্ত ফিরে গেলেও ম্যাচ শেষ করে এসেছেন তানজিদ। ৭ চার ও ৫ ছক্কায় ৪২ বলে ৬৭ করে অপরাজিত থাকেন। জয়ের সময় তার সঙ্গী ছিলেন লিটন দাস, ৬ বলে অপরাজিত ৩ রানে।
১৭.৫১
তানজিদের ফিফটি
৩২ বলে ঝড়ো ফিফটি তুলে বাংলাদেশের জয় তাড়াতাড়ি আনছেন তানজিদ হাসান তামিম, ইনিংসে ৫ চার ও ৪ ছক্কা তার। বাংলাদেশ-৯৬/১ (১২.২)
১৭.১৬
সাইফ আউট
স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৪ রান করে ওপেনার সাইফ হাসান ফিরে গেছেন শাহিন আফ্রিদির বলে।
বাংলাদেশ-৩৭/১ (৩.৪)
১৬.৫৩
বাংলাদেশকে ১১৫ রানের লক্ষ্য দিল পাকিস্তান
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ফিল্ডিং)
পাকিস্তান-১১৪/১০ (৩০.৪)
ফাহিম আশরাফ-৩৭, সাহিবজাদা ফারহান-২৭, মাজ সাদাকাত-১৮
নাহিদ রানা-৫/২৪ (৭), মিরাজ-৩/২৯ (১০)
১৬.৫০
অলআউট পাকিস্তান
১০০ রানের আগেই ৯ উইকেট হারিয়ে পথ খোয়ানো পাকিস্তান বিধ্বস্ত হয়েছে। শেষ জুটিতে রান কিছুটা বাড়িয়ে নিচ্ছিল তারা। ইতি টানলেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডেতে ১১৪ রানে অলআউট শাহিন শাহ আফ্রিদির দল।
১৬.২০
৯ উইকেট নেই পাকিস্তানের
১০০ রানের আগেই ৯ উইকেট হারিয়েছে পাকিস্তান। এবার উইকেট তোলার সারিতে নাম লেখালেন তাসকিন আহমেদ। শূন্য রানে ফিরিয়েছেন মোহাম্মদ ওয়াসিমকে। ২৪ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৮২ রান।
১৬.১৩
মিরাজের জোড়া আঘাত, বিধ্বস্ত পাকিস্তান, নেই ৮ উইকেট
নিজের সপ্তম ওভারের প্রথম বলে হুসেইন তালাতকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউ হয়ে ৪ রানে ফেরেন তালাত। আম্পায়ার অবশ্য প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে সিদ্ধান্ত পক্ষে এসেছে লাল-সবুজদের। এরপর ওই ওভারের দ্বিতীয় শিকার মিরাজ বানান ৪ বলে ৪ রান করা অতিথি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে।
১৫.৫৭
প্রথম সাফল্য মিরাজের, বাংলাদেশের ষষ্ঠ
নিজের প্রথম পাঁচ ওভারের প্রতিটিতে একটি করে মোট ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে একাই কাঁপিয়ে দিয়েছেন পেসার নাহিদ রানা। সাফল্য এসেছে স্পিনেও। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বলে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন পাকিস্তানের চতুর্থ অভিষিক্ত আব্দুল সামাদ। ফিরেছেন শূন্যতে, সঙ্গে একটা রিভিউও নষ্ট করে গেছেন।
২২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৭৭ রান।
১৫.৪৫
নাহিদের ক্যারিয়ার সেরা
শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুরে ঝড় তুলেছেন নাহিদ রানা। বাংলাদেশের গতিতারকা ক্যারিয়ারসেরার পথে হেঁটে প্রথমবার ৫ উইকেট তুলে নিয়েছেন। আগের ৫ ওয়ানডেতে তার উইকেট ছিল ৫টি, সেরা ছিল ৪০ রানে ২ উইকেট। পাকিস্তানের বিপক্ষে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট সংগ্রহ এখন পর্যন্ত তার।
১৫.৪৪
নাহিদের ৫ উইকেট, টানা ৫ ওভারে ৫টি
অতিথিদের অভিষিক্ত তিন টপঅর্ডার সাহিবজাদা ফারহান, শামিল হুসেন ও মাজ সাদাকাতের পর অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে নিজের টানা ৪ ওভারে চতুর্থ উইকেট তুলেছিলেন নাহিদ রানা। পঞ্চম ওভারে তুলে নিলেন আরেকটি উইকেট। টাইগার পেসার এবার সালমান আঘাকে (৮ বলে ৫ রান) ক্যাচ বানিয়েছেন তানজিদের।
১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৬৯ রান।
১৫.৩৪
নাহিদ ঝড় চলছেই, টানা ৪ ওভারে ৪ উইকেট
পাকিস্তানের অভিষিক্ত তিন টপঅর্ডার সাহিবজাদা ফারহান, শামিল হুসেন ও মাজ সাদাকাতকে টানা তিন ওভারে ফিরিয়েছেন নাহিদ রানা। চতুর্থ ওভারেও ধারাবাহিকতা, এবার শিকার অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ২০ বলে ১০ রান করা রিজওয়ান ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে লিটনের গ্লাভসে।
১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৬৪ রান।
১৫.২০
টানা ৩ ওভারে ৩ উইকেট নাহিদের
পাকিস্তানের অভিষিক্ত তিন টপ অর্ডারকেই ফেরালেন নাহিদ রানা। নিজের প্রথম ওভারে সাহিবজাদা ফারহান, দ্বিতীয় ওভারে শামিল হুসেন ও তৃতীয় ওভারে চতুর্থ বলে ফেরান অভিষিক্ত আরেক ওপেনার মাজ সাদাকাতকে (২৮ বলে ১৮)।
১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৫৫ রান।
১৫.১০
নাহিদের দ্বিতীয় সাফল্য
টানা দুই ওভারে দুই উইকেট নিলেন নাহিদ রানা। নিজের প্রথম ওভারে শিকার করেন সাহিবজাদা ফারহানকে, দ্বিতীয় ওভারে চতুর্থ বলে ফেরান ওয়ানডেতে পাকিস্তানের আরেক অভিষিক্ত শামিল হুসেনকে (৭ বলে ৪ রান)।
১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৫১ রান।
১৫.০১
দশম ওভারের শেষ বলে প্রথম সাফল্য বাংলাদেশের
পেসার নাহিদ রানার বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন পাকিস্তানের অভিষিক্ত ওপেনার সাহিবজাদা ফারহান। ৩৮ বলে ২৭ রান করে ফিরে গেছেন। ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৪১ রান।
১৪.৩৭
ডাচ-বাংলার সৌজন্যে
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ: ডাচ-বাংলার সৌজন্যে খেলা দেখাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন, ধারাভাষ্য শোনা যাচ্ছে রেডিও ভূমিতে।

১৪.৩৫
স্টেডিয়ামে জাইমা রহমান
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ফুলেল শুভেচ্ছা বিসিবির।

১৪.৩০
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবির ফুলেল অভ্যর্থনা।

১৪.০৫
পাকিস্তানের ৪ অভিষেক
আব্দুল সামাদ, ২৮ বর্ষী ব্যাটার।
মাজ সাদাকাত, ২০ বর্ষী ব্যাটিং-অলরাউন্ডার।
সাহিবজাদা ফারহান, ৩০ বর্ষী ব্যাটার।
শামিল হুসেন, ২১ বর্ষী ব্যাটার।
১৩.৪৮
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (আধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
১৩.৪৬
টস
তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।










