প্রথম ইনিংসে ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে সাকিব-তাইজুলের ঘূর্ণিপাকে দিশেহারা হয়ে পড়েছে আয়ারল্যান্ড। শুরুটা একদমই ভালো হয়নি আইরিশদের। দ্রুত ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে অতিথি দল।
মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় সফরকারী দল। ১ রানের মাথায় শূন্যরানে থাকা জেমস ম্যাককুলামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় আঘাতটি হানেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। ১ রান করা মারি কমিন্সকে সাজঘরে পাঠান বাঁহাতি স্পিনার।
এরপর আইরিশ অধিনায়ক আন্ড্রু ব্যালবির্নেও সুবিধা করতে পারেননি। দল দুঅঙ্কের ঘর ছোঁয়ার আগেই বোল্ড হয়ে ফেরেন তাইজুলের বলে। করে যান ৩ রান।
চতুর্থ উইকেট তুলে নেন অধিনায়ক সাকিব। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে কার্টিস ক্যাম্ফের ১ রান করে ফিরে যান।
প্রথমদিনে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৬৯ রানে থেমেছে বাংলাদেশ। ১৫৫ রানের লিড মিলেছে সাকিবদের।








